Header Ads

স্পেনের অন্যতম সুন্দর শহর আলিকান্তে পর্ব -১

 ইদের ২ দিন আগে হঠাৎ অপু ভাইয়ের ফোন।

“ইকবাল, ইদের সময় না তোমাদের ২ দিন বন্ধ থাকে না?”
“হ্যাঁ ভাই, ২ দিন।”
“ওকে, তাহলে আমরা Alicante যাচ্ছি ২ দিনের জন্য।
আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আসলে এই ইদে ইচ্ছে ছিল Madrid-এই থাকবো, একটু আরাম করবো। তাই বললাম,
“আচ্ছা ভাই, দেখি… একটু ভাবনা চিন্তা করে বলি।”
অপু ভাই হাসতে হাসতে বললেন, আরে কিসের ভাবনা! চলো। রাতে ফোন দিয়ে কনফার্ম করো। শুভর সাথেও কথা হয়েছে।
রাতে আবার শুভ ভাইয়ের ফোন। কি ভাই, শুনলাম আলিকান্তে আসতেছেন?
আমি বললাম, আসলে এই ইদে মাদ্রিদেই থাকতে চেয়েছিলাম। কিন্তু অপু ভাই তো সব রেডি করে ফেলছে। এখন যাব কি যাব না বুঝতেছি না।”
শুভ ভাই একটু মুচকি হেসে বললেন, আপনি যা ভালো মনে করেন… তবে অপু ভাই যারে ধরে, তারে আর ছাড়ে না!
কথাটা শুনে আমারও মনে হলো, দুইজন মিলে আগেই সব প্ল্যান করে রেখেছেন। আমি শুধু নামমাত্র ভাবছি যাব কি যাব না।

রাতে আবার অপু ভাইয়ের ফোন। এবার আর কোনো আলোচনা না।
-ইকবাল, তাহলে ঠিক আছে। আমরা তোমাকে লাভাপিয়েস থেকে নিয়ে যাব। রেডি থাকিও।”
যেমন কথা, তেমন কাজ।
ইদের আগের দিন বিকেলেই অপু ভাই গাড়ি নিয়ে হাজির, সাথে ভাবিও। ব্যাগ গুছিয়ে আমিও রেডি। তারপর শুরু হলো আমাদের Madrid থেকে Alicante-এর যাত্রা।
রাস্তার দুই পাশের দৃশ্য দেখতে দেখতে, গল্প আর হাসাহাসির মধ্য দিয়ে কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। মাঝেমধ্যে গান, মাঝেমধ্যে দেশের গল্প, পুরো রাস্তা জুড়েই ছিল আনন্দ আর আড্ডা।
রাত প্রায় ৯টা ৩০ মিনিটে আমরা Alicante পৌঁছালাম।
অপু ভাইয়ের বন্ধু জসিম ভাইয়ের বাসায় উঠলাম। দীর্ঘ জার্নির পর সেখানে হালকা নাস্তা করে একটু ফ্রেশ হলাম। কিছুক্ষণ পরেই শুভ ভাইও হাজির।

বেশি দেরি না করে সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে। শুভ ভাই আমাদের নিয়ে গেলেন সমুদ্রের ধারে। রাতের আলিকান্তে যেন অন্যরকম সুন্দর, চারদিকে ঝলমলে আলো, ঠান্ডা বাতাস আর সমুদ্রের ঢেউয়ের শব্দ।
সামনে বিশাল সমুদ্র, গায়ে লাগা নোনতা হাওয়া, আর দূরে শহরের আলোকিত রাস্তা, সব মিলিয়ে মুহূর্তটা ছিল অসাধারণ। ইদের ছুটির সেই আনন্দ যেন আরো কয়েকগুণ বেড়ে গেল।
অনেকক্ষণ সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করলাম। গল্প, হাসাহাসি আর আড্ডায় সময় কিভাবে চলে যাচ্ছিল টেরই পাচ্ছিলাম না। মাঝে মাঝে মনে হচ্ছিল, আমরা যেন সবাই বহুদিন যুগ পর আবার একসাথে হয়েছি যাদের গল্পের কোনো শেষ নেই।

পরে রাতে শুভ ভাইয়ের বাসায়। সেখানে শুরু হলো আরেক দফা আড্ডা গল্পে জমে উঠল পুরো পরিবেশ। কত কথা, কত হাসি! মনে হচ্ছিল রাতটা যেন শেষই না হয়। আড্ডায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে, সকালে খুব ভোরে উঠতে হবে, ইদের নামাজে যেতে হবে সেটাই প্রায় ভুলে যাচ্ছিলাম____ চলবে

No comments

Powered by Blogger.