Header Ads

প্রবাসীদের জীবন, চ্যালেঞ্জ ও সতর্কতা

প্রবাসে জীবন সবসময় স্বপ্নপূরণের চিত্র নয়, এটি একদিকে কঠোর পরিশ্রম, অন্যদিকে একাকীত্ব ও ঝুঁকির মিশ্রণ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান। অনেকেই বৈধ কাগজপত্র ছাড়া কাজ করেন, নেই কোনো আত্মীয়স্বজন বা পরিচিতজন। একা এক পৃথিবীতে নিজের সব দায়িত্ব নিজেকেই সামলাতে হয়। এই বাস্তবতা যেমন কঠিন, তেমনি আবেগঘনও।

স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে যারা উবার, ইটস বা গ্লোভোর মতো সার্ভিসে সাইকেল বা মোটরসাইকেলে খাবার ডেলিভারি করেন, তাদের জন্য জীবন আরও চ্যালেঞ্জিং। দিনরাত পরিশ্রম করে জীবনযুদ্ধে টিকে থাকলেও তারা প্রতিদিন বড় ধরনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামেন। একটি ছোট দুর্ঘটনাই পুরো জীবন বদলে দিতে পারে। প্রবাসে আত্মীয়স্বজন না থাকায় কেউ যদি দুর্ঘটনায় পড়ে বা অসুস্থ হয়ে যায়, তখন সেবা করার মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। সবাই নিজের জীবন ও কাজে ব্যস্ত। এ অবস্থায় প্রবাসীদের সতর্ক থাকা এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জীবনের প্রতি সচেতন থাকা জরুরি____
ডেলিভারি বা অন্য কাজ করার সময় সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। ট্রাফিক নিয়ম মেনে চলা, নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করা এবং ক্লান্তি থেকে নিজেকে রক্ষা করা জরুরি। বিশেষ করে যারা সাইকেল বা মোটরসাইকেলে কাজ করেন, তাদের রাস্তার অবস্থা বুঝে ধীরে ও সাবধানে চলা উচিত। কারণ জীবন, কাজের সময়সীমার চেয়ে অনেক মূল্যবান।
জরুরি সেবা ও নেটওয়ার্কের প্রয়োজনীয়তা____
প্রবাসে একা থাকলে জরুরি অবস্থায় সাহায্য পাওয়া কঠিন হতে পারে। তাই স্থানীয় বাংলাদেশি কমিউনিটি বা কোনো ধর্মীয় বা সামাজিক সংগঠনের সঙ্গে সংযোগ স্থাপন করা খুব গুরুত্বপূর্ণ। পরিচিতদের একটি নেটওয়ার্ক গড়ে তুললে বিপদে তাদের সাহায্য পাওয়া সম্ভব। সঞ্চয়ের অভ্যাসও তৈরি করতে হবে, কারণ প্রবাসে প্রতিটি মুহূর্ত অনিশ্চিত। যে কোন দেশেই থাকেন না কেন ভাষা খুবই গুরুত্বপূর্ণ। ভাষা শেখা জরুরি, একইসঙ্গে প্রবাসে সবাই যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হন, তাহলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়। নিজে সাহায্য করলে অন্যের কাছ থেকেও তা পাওয়ার সম্ভাবনা বাড়ে।
শেষ কথা_____
প্রবাস জীবন শুধুই অর্থ উপার্জনের জন্য নয়; এটি এক সংগ্রামের নাম। নিজের নিরাপত্তা নিশ্চিত করা, সতর্ক থাকা এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়াই প্রবাসীদের টিকে থাকার পথ। জীবনের মূল্য কাজের চেয়ে বেশি, তাই সতর্কতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকের উচিত প্রবাসে থাকা ভাই-বোনদের প্রতি সমর্থন ও সহানুভূতি প্রদর্শন করা। তাদের এই নিঃসঙ্গ ও কঠিন জীবনে একটু ভালোবাসা অনেক বড় প্রভাব ফেলতে পারে।
“জীবন মূল্যবান, স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে জীবনকে অবহেলা করবেন না। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, এবং মানুষকে ভালোবাসুন।” লেখা
হোসাইন ইকবাল মাদ্রিদ, স্পেন।

No comments

Powered by Blogger.